লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধের ট্রেনে কাটা পড়ে মৃত্যু

শেখ রনদ সিমান্ত, বিশেষ প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইনে শুয়ে থাকা অবস্থায় ট্রেনের নিচে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সুকানদীঘি এলাকার মনির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে তিনি বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা রেললাইন থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে তাঁর বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন