গোপালগঞ্জ ও ফেনীর পুলিশ সুপার পদে রদবদল
ফেনী প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনী জেলায় বদলি করা হয়েছে। জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গোপালগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এই বদলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে মিছিল ও বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে, তাদের তৎপরতার কারণে বড় ধরনের কোনো প্রাণহানি বা জানমালের ব্যাপক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে গত শনিবার রাতে টুঙ্গিপাড়ায় স্থানীয় বিএনপি ও যুবদলের দুটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল।
এআইএল/সকালবেলা