হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ণ
হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব জ্বালানি সরবরাহের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেলবোঝাই একটি বিশাল সুপারট্যাংকার সাগরে ডুবে গেছে। 

রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি নিষিদ্ধ জলসীমায় চলাচলের সময় তেলবাহী ট্যাংকার দুটি পানির নিচে থাকা সমুদ্রের মাইনে সজোরে আঘাত হানে। এর ফলে জাহাজ দুটিতে পরপর ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দুর্ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে একটি ছিল অতিকায় সুপারট্যাংকার, যাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল মজুত ছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তীব্রতায় ট্যাংকারটি ভারসাম্য হারিয়ে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় তলিয়ে যায়।

এদিকে সাগরে ডুবে যাওয়া সুপারট্যাংকারটির ভাসমান ধ্বংসাবশেষের সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে ওই অঞ্চলে মাছ ধরতে যাওয়া জেলে ও নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে দুর্ঘটনার শিকার দ্বিতীয় তেলবাহী ট্যাংকারটির বর্তমান অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এই ঘটনায় কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা

এআইএল/সকালবেলা