সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের পশুর নদী তীরবর্তী কানাইনগর গ্রাম। প্রলয়ংকরী সুপার সাইক্লোন সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর মনে আজও কাটেনি সেই ভয়াবহ স্মৃতির আতঙ্ক। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভয়াবহ নদীভাঙন। নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ঘরবাড়ি হারানোর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা নিয়ে চরম মানবেতর দিন কাটাচ্ছেন এখানকার পাঁচ শতাধিক জেলে পরিবার।
২০০৭ সালের ১৫ নভেম্বর বিভীষিকাময় সেই রাতে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। বেসরকারি হিসাবে শুধু বাগেরহাটে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় দুই হাজার। সিডরের সেই তাণ্ডব ও স্বজন হারানোর ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।
কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো এক জীবন্ত দুঃস্বপ্ন। সেদিন ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা। দীর্ঘ ১৯ বছর পরও তাঁদের সেই দুর্ভাগ্যের অবসান ঘটেনি। বরং পশুর নদীর তীব্র ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামটি। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও বহু পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়নি।
গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বলেন, “সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। যাওয়ার মতো অন্য কোনো জায়গা না থাকায় সেখানেই আবার বসবাস শুরু করেছি। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা যদি স্থায়ীভাবে নির্মাণ করে দিত, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারতাম।”
আরেক বাসিন্দা রিজিয়া বেগম বলেন, “সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। বহু কান্নাকাটি করে আমরা তাঁদের খুঁজে পেয়েছিলাম। সেদিন ঘর ভেঙে খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে শিউরে উঠি।”
নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের স্থায়ী ঝুঁকির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য প্রকল্প জমা দেওয়া হলেও মোংলা এলাকায় এই মুহূর্তে কোনো বড় প্রকল্প জমা বা চলমান নেই। তবে কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যেই কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
সবমিলিয়ে নিরাপদ পানির সংকট ও অপর্যাপ্ত নাগরিক সুবিধার মাঝে প্রমত্ত পশুর নদীর সঙ্গে লড়াই করে টিকে আছেন কানাইনগরের মানুষ। স্থানীয়দের জোরালো দাবি, আর নয় কেবল আশ্বাস; অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বসতভিটা ও জনপদ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
এআইএল/সকালবেলা