ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা

অনলাইন ডেস্ক: রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার চারটি অঞ্চলে সবুজ, নীল, বেগুনি ও কমলা—এই চার রঙের তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের নমুনা (মডেল) ই-রিকশা পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী মানসম্মত ই-রিকশা তৈরির লক্ষ্যে এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের নকশা বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। নথিপত্র পর্যালোচনা ও কারখানা সরেজমিন পরিদর্শন শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের বাণিজ্যিক উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

পরিদর্শনকালে সড়কে বর্তমানে চলমান অটোরিকশাগুলোর ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “বিষয়টি নতুন কিংবা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর সুরক্ষা ও সড়কের শৃঙ্খলাই এখানে আমাদের প্রধান অগ্রাধিকার। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই বৈধ লাইসেন্স প্রদান করা হবে। তবে প্রতিটি নির্দিষ্ট জোনে নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত কাউকেই লাইসেন্স দেওয়া হবে না।” উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং মালিকদের নিবন্ধন—উভয় প্রক্রিয়াই নীতিমালা শতভাগ অনুসরণ করে স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্তাবলি পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন গ্রহণ করতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হওয়ার পর আজ রোববার পর্যন্ত ফরম বিক্রির সংখ্যা প্রায় ২৭ হাজার ছাড়িয়ে গেছে।

এআইএল/সকালবেলা