গোপনে নাশকতা চালাচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি: রিজভী
অনলাইন ডেস্ক: পার্শ্ববর্তী দেশের ইন্ধন ও উসকানিতে শেখ হাসিনার সহযোগীরা সারা দেশে গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, “পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা ওপার থেকে উসকানি দিয়ে সারা দেশে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে। তারা যানবাহনে অগ্নিসংযোগ করছে এবং দেশের গুরুত্বপূর্ণ পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এমনকি তাদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোতেও তারা শ্রমিকদের প্রবেশ করতে দিচ্ছে না।”
দেশের স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা কেবল নিজেদের হীন স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এই ষড়যন্ত্র ও অপচেষ্টা কখনোই সফল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।”
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নাশকতা ও অরাজকতা প্রতিহত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রিজভী। বক্তব্যের একপর্যায়ে শেখ হাসিনার সাজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পতিত শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতের দণ্ড ঘোষিত হয়েছে; তিনি কোনোভাবে দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর করা হবে।”
এআইএল/সকালবেলা