নানক পরিবারের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের তিনটি মামলা

অনলাইন ডেস্ক: জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জন এবং শত শত কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদকের অনুসন্ধান ও অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাঁর নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্জিত ৪৬ কোটি ২৩ লাখ ১৮৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁর নামে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উদঘাটন করেছে দুদক।

এ ছাড়া নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার বিশাল অঙ্কের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থাটি।

দুদক সচিব জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হবে। অপরদিকে, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হবে।

এআইএল/সকালবেলা