সোনারগাঁওয়ে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২২
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পদধারী ৯ নেতাকর্মীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতের প্রথমার্ধ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশে এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে এই বিশেষ ব্লক রেইড পরিচালিত হয়। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, সন্ত্রাস, কিশোর গ্যাং দমন এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম প্রতিহত করতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন আস্তানায় একযোগে হানা দেয় পুলিশ। অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী রয়েছেন। তাঁরা হলেন—সোনারগাঁও থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও সনমান্দি ইউনিয়নের জ্যাইদ্যেরগাঁও গ্রামের মোখলেছুর রহমান আমির (৪৫), সোনারগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক ও বানিনাথপুর গ্রামের আবুল কালাম (৪৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোনাবাড়ি গ্রামের মো. মাসুদুজ্জামান (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য ও গোবিন্দপুর গ্রামের মুসা মিয়া খোকন (৪৬), সাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও হালদাবাড়ি গ্রামের মো. কাদির (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের মো. জুয়েল মিয়া (৩৮), সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য ও দৌলোদি গ্রামের মঞ্জুর হোসেন (৪৫), কাঁচপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বড় চেঙ্গাইন গ্রামের রমিজ (৬৩) এবং নোয়াগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পরমেশ্বরদী গ্রামের আফজাল হোসেন বকুল (৩৫)।
এ ছাড়া অভিযানে মাদক ব্যবসার অভিযোগে মো. সজিব হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হন—মো. ইকবাল (৩০), মো. সাব্বির (২২), ইমরান (১৯), মো. জাহাঙ্গীর (৪০), মো. বাছেদ (৪৫), নাইম (২৬), সজীব (২০), হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৩৮) ও শাওন (২২)।
অন্যদিকে, দস্যুতার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার আজমাতা গ্রামের বাসিন্দা ও বর্তমানে সোনারগাঁওয়ের রতনপুর গ্রামে বসবাসরত মো. আরাফাতকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. রাকিব (২৯) ও ইয়াকুবকে (৪২) আইনের আওতায় আনা হয়।
সোনারগাঁও থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ২২ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার পর কড়া পুলিশি পাহারায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/সকালবেলা