সাতক্ষীরায় ডিবি পরিচয়ে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া বাজারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) তালা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন—পুলিশ কনস্টেবল মো. সোহেল আহম্মেদ এবং তাঁর সহযোগী মতিউর হোসেন মোরসালিন। পুলিশ কনস্টেবল সোহেল যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপরদিকে, মতিউর তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে; তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
অপহরণের শিকার ভুক্তভোগী ব্যবসায়ী কাশেম সরদার সাতক্ষীরার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। স্থানীয় তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের একটি দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হাতকড়া পরিয়ে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রীর মুঠোফোনে কল করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন তাঁরা।
বিষয়টি জানার পরপরই কাশেম সরদারের স্ত্রী তালা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। এর ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করতে সক্ষম হয়। অভিযানে তাঁদের কাছ থেকে হাতকড়া, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, অপহরণে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে দুজনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা