বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, মুছে যাবে সব তথ্য
আইটি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা চিরতরে বন্ধ করার বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
ইতিমধ্যেই ব্যবহারকারীদের নতুন করে কোনো অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ দেওয়া বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। তবে মেটা স্পষ্ট করে জানিয়েছে যে, এই নীতিমালার পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের মূল বা প্রাইমারি ফেসবুক প্রোফাইলের ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না।
এত দিন ধরে একজন ব্যবহারকারী চাইলে একটি মূল ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরি ও পরিচালনা করতে পারতেন। ব্যক্তিগত বিভিন্ন আগ্রহ, পছন্দ কিংবা নির্দিষ্ট কোনো বন্ধু বৃত্ত বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার জন্য ব্যবহারকারীরা এসব প্রোফাইল ব্যবহার করতেন। প্রতিটি অতিরিক্ত প্রোফাইলের জন্য আলাদা বন্ধু তালিকা, আলাদা সংবাদপ্রবাহ (নিউজ ফিড) এবং বিভিন্ন গ্রুপ ও পেজ অনুসরণের বিশেষ সুবিধা ছিল।
যদিও এই প্রোফাইলগুলো মূল প্রোফাইল থেকে আলাদা মনে হতো, তবে এগুলো একই মেটা অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হওয়ায় একটিমাত্র লগইন তথ্য দিয়েই সবগুলোতে প্রবেশ করা যেত। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর একই মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা সব অতিরিক্ত প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে যে প্রোফাইলগুলো সম্পূর্ণ আলাদা বা স্বতন্ত্র মেটা অ্যাকাউন্টের অধীনে খোলা হয়েছে, সেগুলো এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে না।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করলেও বিভিন্ন ডিজিটাল কার্যপ্রণালীর মাধ্যমে সেগুলোর সঙ্গে মূল প্রোফাইলের সংযোগ বা সম্পর্ক শনাক্ত করা সম্ভব। যেমন—একই নাম বা প্রোফাইল ছবি ব্যবহার করা, একই ব্যক্তিদের বন্ধু হিসেবে যুক্ত করা, একই গ্রুপে অংশ নেওয়া কিংবা একই পেজ ও পোস্টে প্রতিক্রিয়া জানানো। অতিরিক্ত প্রোফাইলের নানা কার্যক্রমের তথ্য বিশ্লেষণ করে মেটা তাদের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন প্রদর্শন করত।
এদিকে, মেটা বর্তমানে ধাপে ধাপে ব্যবহারকারীদের একটি নতুন সমন্বিত অ্যাকাউন্ট ব্যবস্থায় স্থানান্তর করছে। এই পরিবর্তনের কারণে কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট সেটিংসে ‘অ্যাকাউন্টস সেন্টার’ এবং অন্যদের ক্ষেত্রে ‘মেটা অ্যাকাউন্ট সেটিংস’ অপশন দেখতে পাচ্ছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, কোনো বৈধ আইনি অনুরোধের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে অতিরিক্ত প্রোফাইলের তথ্যও আইনি প্রক্রিয়া এবং মেটার নিজস্ব গোপনীয়তা নীতি অনুসরণ করে প্রদান করা হতে পারে।