গাজীপুরে শ্রমিক অসন্তোষে ২২ কারখানা বন্ধ

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক অসন্তোষে ২২ কারখানা বন্ধ

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া পরিস্থিতি বিবেচনা করে সোমবার আরও দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়। তবে পরিবেশ স্বাভাবিক হলে যেকোনো সময় এসব কারখানা পুনরায় চালু করা হতে পারে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “শ্রমিক অসন্তোষের কারণে বর্তমানে মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে।” তিনি জানান, এর আগের দিন রোববার প্রায় ২২ থেকে ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, যার অধিকাংশই সোমবার পুনরায় উৎপাদন কার্যক্রমে ফিরেছে।

এদিকে শিল্পাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমানে ১২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোড়. নাজমুস সাকিব জানান, কঠোর নিরাপত্তার অংশ হিসেবে অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্যও গাজীপুর শিল্পাঞ্চলে নিয়োজিত রয়েছেন।

এআইএল/সকালবেলা