২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।
এই চারজনসহ চলতি বছর এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ শিশু মারা গেছে।
মৃত্যুর পাশাপাশি সংক্রমণের হারও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৯ জন।