ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড পেলেন গোবিপ্রবির ইমরান

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ রোভার অ্যাওয়ার্ড পেলেন গোবিপ্রবির ইমরান

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ (গোবিপ্রবি প্রতিনিধি): ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ‘আঞ্চলিক ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫’ অর্জন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থী ইমরান বিশ্বাস। 

শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরের বাহাদুরপুরস্থ রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৫০তম বার্ষিক কাউন্সিল সভা-২০২৬-এ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ এবং কাউন্সিলের অন্যান্য ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ইমরান বিশ্বাস গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

নিজের এই অর্জনের অনুভূতি প্রকাশ করে ইমরান বিশ্বাস বলেন, “এই সম্মানজনক অ্যাওয়ার্ডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। সবচেয়ে বেশি ভালো লাগছে এই ভেবে যে, আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয় এবং জেলা রোভারের জন্য একটি গৌরবময় অর্জন এনে দিতে পেরেছি। আমার এই সফলতার পেছনে যাঁদের অবদান ও সহযোগিতা রয়েছে, তাঁদের সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, ২০২৪-২০২৫ মেয়াদে রোভার আন্দোলনের উন্নয়ন, সম্প্রসারণ এবং স্কাউটিংয়ের মূল আদর্শ বাস্তবায়নে যেসব নিবেদিতপ্রাণ স্কাউট বিশেষ অবদান রেখেছেন, তাঁদের নিরলস সেবার স্বীকৃতিস্বরূপ রোভার অঞ্চল থেকে বিভাগভিত্তিক এই শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। এ বছর সারা বাংলাদেশ থেকে মোট দুজনকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

এআইএল/সকালবেলা