গোবিপ্রবিতে বরিশাল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
গোবিপ্রবিতে বরিশাল ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪২০ নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

সংগঠনটির সভাপতি মো. সজীবের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ জাওয়াদ কবির ও সদস্য মারজিয়া মাকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক প্রান্ত সাহা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শেখ সাজিদসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে বরিশাল বিভাগের ছয়টি জেলা—বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা থেকে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ (সার্টিফিকেট), ক্রেস্ট, চাবির রিং ও ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর ড. এস এম আহসান বরিশালে কাটানো নিজের পুরোনো দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও একাডেমিক সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ ছাত্রকল্যাণ সমিতির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বরিশাল অ্যাসোসিয়েশন একটি পরিবার।’ এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই কিনে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে বই পড়ার পর সংশ্লিষ্ট বইয়ের মূল বিষয়বস্তু ও সারমর্ম তাঁকে বুঝিয়ে বলতে হবে বলেও মজার শর্ত জুড়ে দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রত্যেকে নিজের নাম, নিজ জেলা এবং বরিশাল বিভাগের কোন বিষয়টি তাঁদের সবচেয়ে বেশি ভালো লাগে তা তুলে ধরেন। পাশাপাশি প্রধান অতিথির উপস্থিতিতে আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কয়েকজন নবীন শিক্ষার্থী জানান, পরিবার-পরিজন ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসার পর যে একাকীত্ব বা বিচ্ছেদবোধ তৈরি হয়, নিজ অঞ্চলের মানুষদের সঙ্গে একই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরে তা অনেকটাই কেটে গেছে। এতে তাঁরা ক্যাম্পাসে এক ধরনের পারিবারিক বন্ধন ও স্বস্তি খুঁজে পাচ্ছেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রাণবন্ত এই আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত জেলাভিত্তিক ছাত্রকল্যাণ সমিতি গঠিত হলেও গোবিপ্রবিতে বরিশাল বিভাগের ছয় জেলা নিয়ে একটি সমন্বিত বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি গঠিত হয়েছে। শিক্ষার্থীরা এই উদ্যোগকে বৃহত্তর বরিশাল অঞ্চলের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন। তাঁদের মতে, জেলার ভিন্নতা থাকলেও ক্যাম্পাসে সবাই একই পরিবারের সদস্য এবং এখানে কোনো ভেদাভেদ নেই।

এআইএল/সকালবেলা