পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মোস্তাকিন হোসেন (উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি, জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনের উত্তর পাশে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর করুণ মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) সকাল সাতটার দিকে স্টেশনের উত্তর পাশে ২ নম্বর রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওই নারীকে রেলস্টেশন ও এর আশপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত ২ নম্বর রেললাইনের ওপর চলে যান এবং সেখানে দাঁড়িয়ে পড়েন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনের উত্তর পাশে পৌঁছালে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে রেললাইনের পশ্চিম পাশে গিয়ে পড়েন। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় তাঁর মাথা ও দুই হাতে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

নিহত নারীর পরনে একটি লাল-সাদা রঙের শাড়ি ছিল। দুর্ঘটনাগ্রস্ত নারীর কান ও নাকে স্বর্ণালংকার দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা সযত্নে উদ্ধার করেন এবং পরবর্তী সময়ে পাঁচবিবি রেলস্টেশনের স্টেশনমাস্টারের কাছে জমা দেন।

এ বিষয়ে স্টেশনমাস্টার জানান, নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত নারীর কোনো ওয়ারিশ বা সঠিক পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

এআইএল/সকালবেলা