মনে হচ্ছিল জিয়াউল আনন্দভ্রমণে বের হয়েছেন: লুনা
অনলাইন ডেস্ক: অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবি ও তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে জাতীয় সংসদে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে তিনি এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন।
সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, মানবতাবিরোধী অপরাধ ও অসংখ্য গুম-খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাবন্দী রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তাঁর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি গত বৃহস্পতিবার তাঁকে আদালতে বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়ার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ছবিটির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “তাঁর শারীরিক অঙ্গভঙ্গি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে সামান্যতম অনুশোচনার বদলে বরং মনে হচ্ছিল, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তাঁর সঙ্গে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে মনে হচ্ছিল, তাঁরা তাঁর কোনো বিশেষ প্রটোকল রক্ষা করতে দায়িত্ব পালন করছেন।”
অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁকে কোনো ধরনের হাতকড়া কিংবা ডান্ডাবেড়ি ছাড়াই প্রকাশ্যে নিয়ে যাওয়া হয়েছে উল্লেখ করে তাহসিনা রুশদীর লুনা বলেন, “এত বড় একজন ঘৃণিত অপরাধীকে এভাবে অবাধে চলাচলের সুযোগ দেওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত। তাঁর মতো বহু গুম ও নির্যাতিত ভুক্তভোগী পরিবার এই ঘটনায় চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছে।”
বক্তব্যের শেষ পর্যায়ে বর্তমান সরকার কি তবে তাঁকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, নাকি এমন কুখ্যাত অপরাধীর প্রতি প্রশাসনের পক্ষ থেকে কোনো বিশেষ নমনীয়তা বা মানবিকতা দেখানো হচ্ছে—এমন প্রশ্ন তুলে স্পিকারের মাধ্যমে আইনমন্ত্রীর কাছে পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।
এআইএল/সকালবেলা