ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৩

সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ১১ কেজি অবৈধ গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) দুপুর ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার হাতিরগাঁথা তিন রাস্তার মোড়ে কাজী মার্কেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. কামরুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল। এ সময় মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৩ কেজি গাঁজাসহ নাজমা বেগম (৩৬) ও মো. ওয়াসিম (৪৫) নামের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার রবি কন্ট্রাক্টরের বাড়ির পশ্চিম পাশে পায়ে চলাচলের কাঁচা রাস্তায় বিশেষ অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই মো. শামীম হোসেন ও এএসআই নুর-আল আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৮ কেজি গাঁজাসহ মো. আবু তাহের ওরফে ফারুক (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স এবং মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।”

তিনি আরও জানান, পৃথক দুটি অভিযানে সর্বমোট ১১ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা