মাদক পাচার রোধে সিএমপির কঠোর অবস্থান ও অপপ্রচারের নেপথ্য চিত্র

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
মাদক পাচার রোধে সিএমপির কঠোর অবস্থান ও অপপ্রচারের নেপথ্য চিত্র

মোহাম্মদ সোহেল রানা (ব্যুরো চিফ, চট্টগ্রাম জেলা): মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মহাসড়কের প্রবেশপথগুলোতে পুলিশের চেকপোস্টগুলো মাদক পাচার রোধে ত্রিমুখী প্রাচীর হিসেবে কাজ করছে। আধুনিক স্ক্যানার বা পর্যাপ্ত প্রযুক্তির অনুপস্থিতির মতো বাস্তব লজিস্টিক সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ সদস্যরা শুধুমাত্র গোয়েন্দা তথ্য ও কায়িক শ্রমের ওপর নির্ভর করে একের পর এক বিশাল মাদকের চালান আটক করছেন। 

অথচ এক শ্রেণির নামধারী ও সুবিধাবাদী সাংবাদিক পুলিশের মাদকবিরোধী সফল অভিযানগুলোর সঠিক তথ্য-উপাত্ত, জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা, অনলাইন পোর্টাল এবং পুলিশের দায়ের করা মাদক মামলার নথি যাচাই-বাছাই না করেই—এমনকি তল্লাশি চলাকালীন কোনো দৃশ্যমান প্রমাণ, ভোগান্তির ছবি কিংবা ভুক্তভোগী যাত্রীদের সুনির্দিষ্ট বক্তব্য ছাড়াই গতানুগতিক ও মনগড়াভাবে ঢালাও সংবাদ পরিবেশন করে চলেছে। সচেতন মহল ও অপরাধ বিশ্লেষকদের মতে, তথ্য-প্রমাণবিহীন এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপসাংবাদিকতা নিঃসন্দেহে মাদক সিন্ডিকেটের এজেন্ডা বাস্তবায়ন এবং পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানকে ভণ্ডুল করার একটি নগ্ন ও সুপরিকল্পিত চক্রান্ত।

কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ মহাসড়কে শুধু পুলিশ নয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরও একাধিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বিস্ময়করভাবে দেখা যায়, মাদকের পক্ষে সাফাই গাওয়া এসব সাংবাদিকরা বিজিবি কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার ও চট্টগ্রাম জেলার চেকপোস্টগুলোর তল্লাশি বা দীর্ঘসূত্রিতার বিষয়ে বরাবরই রহস্যজনকভাবে নীরব থাকেন এবং বিষয়টি সযত্নে এড়িয়ে যান। 

অথচ বাস্তব চিত্র হলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের আওতায় একাধিক মাদক উদ্ধারের পর তা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে; এমনকি খোদ এই অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেই সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অকাট্য প্রমাণ মিলেছে—যার সর্বশেষ প্রমাণ গত ১৪ নভেম্বর সিএমপি ডিবির হাতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যের গ্রেপ্তার হওয়া। কিন্তু ওই স্বার্থান্বেষী সাংবাদিক গোষ্ঠী এসব ভয়াবহ অনিয়ম ও সরাসরি মাদক কারবারে জড়িত থাকার ঘটনাগুলো সচেতনভাবে আড়াল করে শুধুমাত্র পুলিশের ওপর একতরফা দোষ চাপিয়ে সস্তা বাহবা কুড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

মহাসড়কের এন্ট্রি পয়েন্টগুলোতে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে। বর্তমানে শাহ আমানত সেতু বা সিটি গেটের মতো ব্যস্ততম চেকপোস্টগুলোতে আধুনিক মোবাইল ভেহিক্যাল স্ক্যানার বা দ্রুত ব্যাগেজ স্ক্যানিংয়ের মতো উন্নত লজিস্টিক সুযোগ নেই। ফলে পুলিশ সদস্যদের প্রতিটি যাত্রীবাহী বাস ও ট্রাকে উঠে ম্যানুয়ালি তল্লাশি চালাতে হয়। মাদক কারবারিরা নিত্যনতুন কৌশল বদল করে—কখনও ট্রাকের গোপন চেম্বার, কখনও আসবাবপত্র বা হাইড্রোলিক জগের ভেতরে আবার কখনও নারী বা পুরুষের মানবদেহের স্পর্শকাতর (গোপন অঙ্গে) বিভিন্ন স্থানে মাদক লুকিয়ে বহন করে। 

এই বিশাল কর্মযজ্ঞে উন্নত প্রযুক্তির অভাব থাকা সত্ত্বেও পুলিশ সদস্যরা তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে বড় বড় চালান উদ্ধার করছেন। অথচ রোদ-বৃষ্টি উপেক্ষা করে করা মাঠপর্যায়ের এই কঠোর পরিশ্রম ও মামলার নথিপত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে আড়াল করে কেবল দীর্ঘসূত্রিতার মনগড়া গল্প সাজিয়ে থানা পুলিশ বা গোয়েন্দা পুলিশের চেকপোস্ট তুলে দেওয়ার বা তল্লাশি কার্যক্রমকে স্থবির করার যে পাঁয়তারা চলছে, তা সরাসরি মাদক কারবারিদের নিরাপদ রুট তৈরি করে দেওয়ারই নামান্তর।

মাদক পাচারকারীদের পক্ষে যারা কলমের অপব্যবহার করে পুলিশের মনোবল ভেঙে দিতে চাইছেন, তাদের মনগড়া প্রতিবেদনের বিপরীতে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কোর্টের ও থানার নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় গত কয়েক মাসে সিএমপি ও ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং নিয়মিত মামলা রুজু হয়েছে। গণমাধ্যমের প্রকাশিত সংবাদ ও পুলিশের দায়ের করা মামলার নথি অনুযায়ী উল্লেখযোগ্য সফল অভিযানের মধ্যে রয়েছে—

সিএমপির গোয়েন্দা (ডিবি-বন্দর) বিভাগের বিশেষ অভিযানে কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি জিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়। (সূত্র: দৈনিক আজাদী ও ঢাকা পোস্ট, ১৪ নভেম্বর, ২০২৬)।

সিএমপির সদরঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। (সূত্র: খাসখবর নিউজ, ১০ নভেম্বর, ২০২৬)।

নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ অভিযান চালিয়ে বাসের মালামাল রাখার বক্সে লোহার তৈরি হাইড্রোলিক জগের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ কারবারিকে গ্রেপ্তার করে। (সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা - বাসস ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, ২৭ অক্টোবর, ২০২৬)।

নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় চট্টগ্রাম মহানগর ডিবি (দক্ষিণ) পুলিশের চেকপোস্টে একটি খালি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। (সূত্র: দৈনিক দেশ রূপান্তর, সময়ের আলো ও যমুনা টিভি, ২১ অক্টোবর, ২০২৬)।

নগরীর সিটি গেট সংলগ্ন আকবরশাহ থানা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিতে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ উখিয়া ক্যাম্পের তিন রোহিঙ্গা নাগরিককে আটক করে পৃথক মামলা দেওয়া হয়। (সূত্র: নিউজনাউ২৪, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ও অপরাধ বিচিত্রা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬)।

এছাড়াও চট্টগ্রাম মহানগর (সিএমপি) ও জেলা পুলিশের থানা ভিত্তিক সফল মাদক উদ্ধার ও গ্রেপ্তারের রয়েছে ছোট বড় অনেক সাফল্য।

সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে একটি মহল অতীতে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনার (যেমন: ২০১৮, ২০২৪ বা ২০২৫ সালের কিছু পুলিশ সদস্যের অনিয়ম) পুরোনো কাসুন্দি ঘেঁটে পুরো বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। অথচ নির্মম সত্য হলো—সিএমপি কর্তৃপক্ষ কখনোই কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। পুলিশ সদস্যদের নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত ও গোয়েন্দা নজরদারিতেই ওই অনিয়মগুলো উদঘাটিত হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত, ক্লোজড ও বিভাগীয় মামলা দায়েরের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিষ্ঠানের নিজস্ব শুদ্ধি অভিযানের দৃষ্টান্তকে উল্টো বাহিনীর বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা কেবল অসৎ উদ্দেশ্যপ্রণোদিতই নয়, বরং এটি সাংবাদিকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করার শামিল।

অপরাধ বিশ্লেষক ও সচেতন নাগরিকদের মতে, চট্টগ্রামকে মাদকমুক্ত করতে হলে প্রবেশপথগুলোর এই চেকপোস্ট ও নিয়মিত তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা উচিত। প্রকৃত তথ্য-উপাত্ত, মামলার নথি ও মাঠপর্যায়ের চিত্র যাচাই না করে—কোনো ছবি বা যাত্রীর বক্তব্য ছাড়াই যেসব সাংবাদিক বা গণমাধ্যম পুলিশের বিরুদ্ধে বানোয়াট ও একপেশে প্রতিবেদন প্রকাশ করে চেকপোস্ট বন্ধ করার পাঁয়তারা করছেন এবং অন্য সংস্থাগুলোর সরাসরি মাদক সংশ্লিষ্টতা আড়াল করছেন, তাদের প্রকৃত মুখোশ আজ জনগণের সামনে উন্মোচিত। 

মাদক সম্রাটদের স্বার্থ রক্ষা করে পুলিশের মনোবল ভাঙার এই দ্বিমুখী অপপ্রয়াস কখনোই সফল হতে দেওয়া যাবে না। জননিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে বাঁচাতে পুলিশ বাহিনীর মনোবল অটুট রাখা এবং চেকপোস্টগুলোতে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি সংযোজন করা এখন সময়ের দাবি। কোনো ধরনের হলুদ সাংবাদিকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের এই সাহসী ও দেশপ্রেমিক অভিযান কোনোভাবেই বন্ধ করা বা থমকে যাওয়া উচিত নয় বলেও অভিজ্ঞজনদের মতামত ও দেশবাসীর প্রত্যাশা।

এআইএল/সকালবেলা