ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট ও অপপ্রচার চালানোর অভিযোগে আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে এক নারীর ছবি এডিট করে আপত্তিকর ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। আজিজুল হক সেই পোস্টটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ওই আইডি থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছিল। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত দেড়টায় ঝনকা বাজার থেকে তাকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালানোয় তাকে গ্রেফতার করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শুনানি শেষে আজিজুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির শামসুল হক দাবি করেছেন, আজিজুল তাদের দলের নেতা নন, একজন কর্মী।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ