ময়মনসিংহে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে একটি পেট্রোল পাম্পের মাটির নিচের ট্যাংক থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। এই অপরাধে পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামক মিনি পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর উপজেলা প্রশাসন ও পুলিশ এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দুটি বিশাল ট্যাংকি এবং দুটি গাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা হয়েছিল। তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৯,৫০০ লিটার ডিজেল এবং ৪,৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির দায়ে অভিযুক্ত পাম্প মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করে উপজেলা প্রশাসন।

 ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, “অভিযুক্ত ব্যক্তি গত দেড় থেকে দুই মাস ধরে এসব জ্বালানি মজুত করে আসছিলেন। তেলের দাম বৃদ্ধি পেলে তা চড়া মূল্যে বিক্রি করার উদ্দেশ্য ছিল তাঁর। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে গত রাতে ময়মনসিংহের হালুয়াঘাটেও একই ধরনের অভিযান চালিয়ে ২৩০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছিল উপজেলা প্রশাসন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন