জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর দাবি ১৫ দেশের যুব প্রতিনিধিদের

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর দাবি ১৫ দেশের যুব প্রতিনিধিদের

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তরুণদের শুধু বক্তব্য রাখার সুযোগ দিলে চলবে না; বরং জলবায়ু নীতিনির্ধারণ এবং সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নেও তাদের সরাসরি যুক্ত করতে হবে। তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের ব্লু জোনে আয়োজিত এক আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে এই জোরালো দাবি জানিয়েছেন ১৫টি দেশের যুব প্রতিনিধি ও জলবায়ু অধিকারকর্মীরা।

‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ (ইউকান)-এর উদ্যোগে ‘যুবসমাজ নীতিনির্ধারণের টেবিলে: বৈশ্বিক জলবায়ু নীতিতে যুব প্রতিনিধিত্ব, অংশগ্রহণ ও প্রভাব জোরদারকরণ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইউকয়েনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস।

বৈঠকে বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের জলবায়ু সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। বাংলাদেশের ফুটস্টেপসের প্রতিষ্ঠাতা শাহ রাফায়েত চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের মানুষের জন্য প্রতিদিনের লড়াই। তরুণরা ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে অভিযোজন নিয়ে কাজ করছেন, তাই তাদের শুধু আলোচনায় নয়, বাস্তবায়নের নেতৃত্বও দিতে হবে। বৈঠকে বাংলাদেশের শাইনিং লাইফের প্রধান নির্বাহী মাইনুল ইসলামও উপকূলীয় অঞ্চলের সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে সহায়তার দাবি জানান।

ইথিওপিয়ার প্রতিনিধি বেজা মাকু মান্দেফ্রো আফ্রিকার জন্য সরাসরি জলবায়ু অর্থায়ন ও যুব নেতৃত্বাধীন অভিযোজন কর্মসূচির কথা বলেন। আফ্রিকান গ্রুপ অব নেগোশিয়েটরসের যুব আলোচক আদিগাও আলভিন ওয়েনিয়া জানান, নীতি চূড়ান্ত হওয়ার পর নয়, বরং জাতীয় জলবায়ু পরিকল্পনা তৈরির একদম শুরু থেকেই তরুণদের যুক্ত করতে হবে। এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, কম্বোডিয়া, ভারত, ব্রাজিল ও ভেনেজুয়েলার প্রতিনিধিরাও ভিসা জটিলতা দূরীকরণ, স্থানীয় জনগোষ্ঠীর স্বীকৃতি এবং বাস্তুচ্যুত তরুণদের পুনর্বাসনের জোর দাবি জানান।

বৈঠকে ১৫ দেশের প্রতিনিধিরা জলবায়ু নীতিতে আমূল পরিবর্তন আনার জন্য ছয়টি সুনির্দিষ্ট দাবি পেশ করেন:

১. যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে জাতীয় জলবায়ু কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দেওয়া।

২. জাতীয় জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে সুনির্দিষ্ট বাজেটসহ ‘স্থায়ী যুব উপদেষ্টা পরিষদ’ গঠন করা।

৩. জাতীয় জলবায়ু পরিকল্পনা তৈরির শুরুতেই তরুণদের মতামত নেওয়া এবং এ বিষয়ে সরকারকে জবাবদিহি করা।

৪. আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের তরুণদের ভিসা, যাতায়াত ও অর্থায়নসংক্রান্ত জটিলতা দূর করা।

৫. যুবদের নেতৃত্বে পরিচালিত জলবায়ু অভিযোজন কর্মসূচি এবং স্থানীয় ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরাসরি অনুদান প্রদান।

৬. জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত ও ন্যায়সংগতভাবে কমিয়ে এনে উন্নয়নশীল দেশের জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা।

প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় জানান, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের বৈষম্য দূর করতে হবে এবং যারা সরাসরি সংকট মোকাবিলা করছেন, সেই তরুণদেরই নীতিনির্ধারণের মূল টেবিলে স্থান দিতে হবে।