আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
আশুলিয়ায় সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করা পোশাকশ্রমিকরা পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছেড়ে দিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে জিরাবো-বিশমাইল সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জিরাবো এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে জনদুর্ভোগ কমাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জিরাবো পুকুরপাড় এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া জিরাবো, ন্যাচারাল ইন্ডিগো ও ন্যাচারাল ডেনিম কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।

চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩/১ ধারায় অন্তত ৪২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজ না করায় আরও ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, সরকার কর্তৃক নতুন মজুরি বোর্ড গঠনের পর বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলন স্থগিত করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শীর্ষ শ্রমিক নেতারা। বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় শ্রমিকদের ঘরে ফিরে যাওয়ার ও শান্তিপূর্ণভাবে কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ জানান।

একই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং নবগঠিত মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের সদস্য বাবুল আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, “মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবি ও কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

সকালবেলা/ নুসরাত