যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে ড্রোন আতঙ্ক
অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিন বিমানঘাঁটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) লাকেনহিথের আকাশে অনুমতি ছাড়া সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্তের পর জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় পূর্ব ইংল্যান্ডের সাফোক কাউন্টিতে অবস্থিত ঘাঁটিটিতে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ঘাঁটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর হন। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পরপরই ঘাঁটিতে অবস্থানরত সেনাসদস্যদের নিরাপদ আশ্রয়ে থাকার জরুরি নির্দেশ দেওয়া হয়েছিল। কর্মীদের কাছে পাঠানো সতর্কবার্তায় ‘রিয়েল ওয়ার্ল্ড’ লেখা ছিল, যা কোনো নিয়মিত মহড়া নয়, বরং বাস্তব জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ সময় পুরো ঘাঁটি এলাকায় সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়।
মার্কিন ইউরোপীয় কমান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ঘাঁটির স্থাপনা, বিমান ও সেনাসদস্যদের নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কী ঘটেছিল তা জানতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্রিটিশ প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য নিক টিমোথিও সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন।
এই ড্রোন আতঙ্ক এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতেই পূর্ব ইংল্যান্ডের আরেকটি মার্কিন ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে তিনটি অসপ্রে হেলিকপ্টার ও ১০টি কেসি-১৩৫আর জ্বালানি সরবরাহকারী বিমানসহ ১২টির বেশি সামরিক বিমান যুক্তরাজ্যের অন্য ঘাঁটি, স্পেন ও জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে ইরানের সম্ভাব্য হুমকির কারণে এসব বিমান সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের আরেকটি মার্কিন বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডের কাছে সন্দেহজনক তৎপরতা ও ইরানি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এ ছাড়া মার্কিন বিচার বিভাগ এ সপ্তাহেই জানিয়েছে, ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন।
উল্লেখ্য, আরএএফ লাকেনহিথ ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কৌশলগত সামরিক বিমানঘাঁটি, যেখানে মার্কিন বিমানবাহিনীর ৪৮তম ফাইটার উইংয়ের প্রায় সাত হাজার সদস্য কর্মরত রয়েছেন এবং এখান থেকে অত্যাধুনিক এফ-৩৫এ ও এফ-১৫ই যুদ্ধবিমান পরিচালনা করা হয়। তবে সর্বশেষ এই ড্রোন তৎপরতার পেছনে কোনো রাষ্ট্র বা সংগঠন জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।