জয়পুরহাটে এক মাসে ৮ কোটি টাকার চোরাই মাল জব্দ, আটক ১৭
মোস্তাকিন হোসেন (উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি, জয়পুরহাট): জয়পুরহাট জেলার বিভিন্ন সীমান্ত ও এর আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এক মাসে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই ও অবৈধ মালামাল জব্দ করেছে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সফল অভিযানে মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারের পাশাপাশি চক্রের সঙ্গে জড়িত ১৭ জন আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ২০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিশদ বিবরণে জানানো হয়, এর মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি মূল্যবান বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পুল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ এবং ১৭৩ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
এ ছাড়াও অভিযানে অত্যন্ত প্রাচীন ও দুর্লভ প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ ৬টি বেলে ও কষ্টিপাথরের বস্তু জব্দ করা হয়েছে, যেগুলোর মোট ওজন ৩৩৯ কেজি ৮০০ গ্রাম। মাদক, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও অন্যান্য চোরাচালান সামগ্রীসহ সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়ন করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকার সুরক্ষায় চোরাচালান, মাদকদ্রব্য চোরাচালান, মানব পাচার ও যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় সচেতন জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এআইএল/সকালবেলা