বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিচ্ছন্ন ঢাকার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ
বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিচ্ছন্ন ঢাকার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই তাগিদ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সার্বিক কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং মাঠপর্যায়ের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা সভায় রাজধানীর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, প্রধান সড়ক ও জনপরিসর নিয়মিত পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এসব লক্ষ্য দ্রুত বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সকালবেলা/ নুসরাত