ফেনী সীমান্তে ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
ফেনী সীমান্তে ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৭৭ হাজার টাকা। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে উপজেলার মোকামিয়া সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্থ মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ধ্বংস বা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাসিবুল ইসলাম জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, সব ধরনের চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং সীমান্তে আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন যেকোনো অপরাধ দমনে বিজিবি সদস্যরা সবসময় সজাগ ও সতর্ক রয়েছেন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা