বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সংস্করণে বাংলাদেশ থেকে আরও দুই নারী স্থান পেয়েছেন।

আরআইএসএসসি প্রকাশিত প্রতিবেদনে তারেক রহমান সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও দলের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে এবং নির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২০২৭ সালের এই সংস্করণে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন প্রখ্যাত মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং বিশিষ্ট আইনজীবী রাজিয়া সুলতানা। তাঁরা দুজনই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

ড. হামিদা হোসেন একজন সুপরিচিত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবে এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়ে আসছেন। অন্যদিকে, আইনজীবী রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই বার্ষিক তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয় এবং বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা ও বিজ্ঞানসহ ১৩টি পৃথক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের সংস্করণে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০-এর তালিকায় ৫০তম স্থানে ছিলেন, তবে নতুন সংস্করণে তাঁর নাম নেই।

সকালবেলা/ নুসরাত