অপরাধ দমনে কিশোরগঞ্জে ২৫০ সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
অপরাধ দমনে কিশোরগঞ্জে ২৫০ সিসি ক্যামেরা স্থাপন

নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও আধুনিক পুলিশিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কিশোরগঞ্জ শহরে সিসি ক্যামেরা ও কেন্দ্রীয় সার্ভার স্টেশন (KCLC) উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের চুরি, ছিনতাই ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপনের লক্ষ্য নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পেশাদার মাদক কারবারি যে পরিবার, বংশ বা দলেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।” কিশোর গ্যাং নির্মূলের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিশোরগঞ্জ শহরে যে কিশোর গ্যাং সংস্কৃতি তৈরি হয়েছে, তা সমূলে উৎপাটন করতে হবে। আমাদের দলের কেউ যদি এসব অপরাধে সম্পৃক্ত থাকে, তবে তাকেও কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ প্রশাসনকে আমাদের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “সিসি ক্যামেরার নজরদারিতে এলে অপরাধী শনাক্ত করা সহজ হবে এবং ক্রমান্বয়ে অপরাধ প্রবণতা কমে আসবে। পুরো শহরকে নিরাপত্তার চাদরে ঢাকতে আরও ক্যামেরা ও অর্থের প্রয়োজন। শহরকে সম্পূর্ণ নিরাপদ রাখতে আমি সমাজের বিত্তবান ও ব্যবসায়ীদের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান ফুটপাত দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়ে বলেন, “শুধু পুলিশের ওপর নির্ভরশীল না থেকে রাজনৈতিক নেতাদেরও অপরাধ দমনে বড় ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজির স্পটগুলোতে নজরদারি বাড়িয়ে ক্যামেরাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি শহরের নদীর পাড়ের রাস্তাগুলোতে বিশেষ নজরদারির অনুরোধ জানান এবং চাঁদাবাজি নির্মূলে জেলা পরিষদের পক্ষ থেকে আরও সিসি ক্যামেরা স্থাপনের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে বলেন, “কিশোরগঞ্জ মডেল থানার দ্বিতীয় তলায় একটি আধুনিক সার্ভার রুম ও মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে ২৪ ঘণ্টার তথ্য সুরক্ষিত থাকবে। আমরা এমন সব কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পন্ন ক্যামেরা স্থাপন করছি, যা সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা শনাক্ত করে সার্ভারে সংরক্ষণ করতে সক্ষম।”

তিনি আরও জানান, শহরের সব গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা পর্যায়ক্রমে এই ডিজিটাল নজরদারির আওতায় নিয়ে আসা হবে। এর ফলে ছিনতাই, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের মাঝেও আইনের প্রতি শ্রদ্ধা ও ইতিবাচক আচরণ গড়ে উঠবে।

‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া আধুনিক পুলিশিং সেবার এই নতুন সংযোজন জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

এআইএল/সকালবেলা