ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে মুদি দোকান, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে দিশেহারা ও নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ওই বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে হঠাৎ করেই বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে তা দ্রুত গ্রাস করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকানে থাকা মূল্যবান মালামাল, আসবাবপত্র ও ব্যবসার সমস্ত পুঁজি পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘদিনের তিল তিল করে গড়া সঞ্চয় ও ব্যবসা হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ভোররাতে আগুনের খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ফায়ার সার্ভিসকে সহায়তা করতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের দুটি দলও ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ১২টি দোকান।
এআইএল/সকালবেলা