২৬ বছর পর যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ১০

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ
২৬ বছর পর যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ১০

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পেনসিলভানিয়া ও উইসকনসিনে আরও দুজনের মৃত্যুর মর্মান্তিক খবর পাওয়া গেছে। এর মধ্যে উইসকনসিনে একটি শিশু এবং পেনসিলভানিয়ার মন্টুর কাউন্টির এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। চলতি বছর কেবল পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৩০ বছরেরও বেশি সময় পর এই রাজ্যগুলোতে হামে মৃত্যুর এমন ঘটনা ঘটল।

ব্যাপক টিকাদান কর্মসূচির সফলতার কারণে ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রকে হাম থেকে নিরবচ্ছিন্নভাবে সংক্রমণশীল রোগ হিসেবে ‘নির্মূল’ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৬ বছর পর সেই গৌরব হারাল দেশটি।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন পর্যালোচনার পর জানিয়েছে, যুক্তরাষ্ট্র আর হাম নির্মূলকারী দেশ হিসেবে যোগ্য নয়। বছরের পর বছর ধরে টিকাদানের হার কমে যাওয়া এবং আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়ার ফলে এই সিদ্ধান্তটি অবশ্য আগেই অনুমেয় ছিল। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, কোনো দেশে অন্তত এক বছর ধরে একই ভাইরাসের স্ট্রেইন একজন থেকে অন্যজনের মধ্যে ধারাবাহিকভাবে ছড়ালে তাকে স্থানীয় বা ‘এন্ডেমিক’ রোগ হিসেবে ধরা হয়। ইউটাহসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে একই স্ট্রেইনের হাম দেদার ছড়িয়ে পড়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

চলতি বছরে যুক্তরাষ্ট্রে সাড়ে ৫ হাজারেরও বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। সিডিসির তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া রোগীদের প্রতি ৯ জনে প্রায় ১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আক্রান্তদের প্রায় সবাই এমএমআর (মেজলস-মাম্পস-রুবেলা) টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার কোনো তথ্য নেই।

বিশেষজ্ঞদের মতে, হাম-মাম্পস-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর এবং এর দুটি ডোজ যেকোনো ব্যক্তির অসুস্থ হওয়ার ঝুঁকি ৯৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের কিছু সদস্যের টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ এবং সামাজিক পর্যায়ে অপপ্রচারের কারণে টিকাদানের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হাম কেবল সাধারণ জ্বর বা র‍্যাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার স্মৃতি মুছে ফেলে নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো মারাত্মক পরবর্তী সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। একসময়ে বিশ্ব থেকে গুটিবসন্ত দূর করতে অগ্রণী ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের জন্য হামের এই পুনরাবৃত্তি এবং নির্মূলের মর্যাদা হারানো অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক এক অধ্যায় বলে মন্তব্য করেছেন চিকিৎসা গবেষকরা।