হরমুজে জাহাজ চলাচলে বীমা দিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
হরমুজে জাহাজ চলাচলে বীমা দিতে রাজি নয় কোনো প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বর্তমানে কোনো ধরনের ঝুঁকি বা কভারেজ নিতে রাজি নয় বিশ্বের কোনো বীমা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য বীমা ব্রোকারেজ প্রতিষ্ঠান এনএসআই ইন্স্যুরেন্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অস্কার সিকালি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন।

অস্কার সিকালি বলেন, “আমরা যেসব বীমা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, তাদের কেউই এই মুহূর্তে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কোনো ঝুঁকি বা পলিসি কভার নিতে রাজি নয়।”

তিনি আরও জানান, বর্তমান ভূ-রাজনৈতিক অচলাবস্থার মধ্যে কেউই কোনো অপ্রীতিকর ঝুঁকির দায়িত্ব নিতে চাচ্ছে না, কারণ যেকোনো মুহূর্তে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। সিকালির মতে, এই অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল ও স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাণিজ্যিক জাহাজগুলোর জন্য কোনো ধরনের বীমা সুরক্ষা পাওয়া যাবে না।

এদিকে সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও এর আশেপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে এই জলপথে চলাচলকারী অন্তত ১২টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

ইরানি কর্মকর্তারা অবশ্য এসব জাহাজকে ‘অবৈধ রুট’ বা অননুমোদিত পথ ব্যবহারকারী হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির কর্তৃপক্ষ সাধারণত হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষেত্রেই এ ধরনের অভিযোগ করে থাকে। তবে বীমা সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

সকালবেলা/ নুসরাত