তিন মাস পর মায়ের লাশ খুঁজে পেলেন শাবনুর
বিশেষ প্রতিনিধি: গত তিন মাস ধরে নিখোঁজ মাকে হন্যে হয়ে খুঁজে ফিরছিলেন মেয়ে শাবনুর বেগম। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও মায়ের কোনো সন্ধান পাননি তিনি। অবশেষে শুক্রবার রাতে খবর পান, তাঁর মাকে জামালপুরে পাওয়া গেছে। খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন ঠিকই, তবে জীবিত মাকে বুকে জড়িয়ে ধরার সেই সৌভাগ্য আর তাঁর হয়নি। জীবিত মায়ের বদলে তিনি পান মায়ের নিথর লাশ।
মৃত ওই নারীর নাম মোছা. রাজিয়া খাতুন (৬০)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের তমিজ উদ্দিন ও সখিনা খাতুনের মেয়ে। দীর্ঘ দিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামাখান বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন একটি বাড়ির বারান্দায় ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ খান দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিক অবস্থায় নিহতের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় নিশ্চিত করে পুলিশ।
কান্নাজড়িত কণ্ঠে মেয়ে শাবনুর বেগম জানান, “জন্মের পর থেকেই দেখছি আমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি সাধারণত মামার বাড়িতে থাকতেন এবং মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন। এ পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০ বার তিনি হারিয়ে গেছেন। এর আগে প্রতিবারই নানাভাবে বা পুলিশের সহযোগিতায় তাঁকে খুঁজে পাওয়া যেত। কিন্তু তিন মাস আগে তিনি আবারও নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও আমরা তাঁর সন্ধান পাইনি। শুক্রবার খবর পাই মাকে জামালপুরে পাওয়া গেছে, আর এখানে এসে দেখি আমার মা আর বেঁচে নেই।”
মায়ের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, “পুলিশ চাইলে বেওয়ারিশ হিসেবে মায়ের লাশ দাফন করে দিতে পারত। কিন্তু তারা অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে আঙুলের ছাপ ও প্রযুক্তির সহায়তায় আমাদের খবর দিয়েছে। এর ফলে অন্তত আমরা মায়ের লাশ বাড়িতে নিয়ে নিজ হাতে শেষ বিদায় জানাতে পারছি।”
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বৃদ্ধার লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে ভালুকা থানায় বার্তা পাঠানো হলে স্বজনেরা খোঁজ পান। শুক্রবার রাতে নিহতের ভাই ও মেয়ে থানায় উপস্থিত হন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ তিন মাসের টান টান অপেক্ষা ও আকুলতার অবসান ঘটার পর মায়ের দেখা মিললেও শেষ পর্যন্ত লাশ নিয়ে বাড়ি ফিরতে হয়েছে শোকার্ত মেয়ে শাবনুর বেগমকে।
এআইএল/সকালবেলা