রক্ষক যখন ভক্ষক: ইয়াবাসহ ডিএনসি সদস্য গ্রেপ্তার
মোহাম্মদ সোহেল রানা (ব্যুরো চিফ, চট্টগ্রাম জেলা): মাদক নির্মূলের মূল দায়িত্ব যাদের কাঁধে, সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরাই এখন মাদক পাচারের নিরাপদ বাহকে পরিণত হয়েছেন। সম্প্রতি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও বিলাসবহুল হার্ডজীপ গাড়িসহ পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ডিএনসি সদস্য হাসিবুর রহমানের গ্রেপ্তারের ঘটনা এই রাষ্ট্রীয় সংস্থার ভেতরের পচনকে আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ মাদকের সাথে জড়িত থাকলে তা নিয়ে দেশজুড়ে তীব্র তোলপাড় ও রমরমা সংবাদ হলেও, ডিএনসির কর্মকর্তাদের এমন ভয়ংকর অপরাধ অধিকাংশ সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। এমনকি গ্রেপ্তার হওয়ার পরও নিজ সংস্থা থেকে এদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর শাস্তিমূলক বা উল্লেখযোগ্য আইনি পদক্ষেপ নিতে দেখা যায় না।
গত ১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সিএমপির ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বিপিএম-সেবার নেতৃত্বে একটি বিশেষ টিম কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকায় অভিযান চালায়। ‘ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশন’ সংলগ্ন ‘সৈয়দ স্টোর’-এর সামনে পাকা রাস্তায় একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭) তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
এ সময় হাতেনাতে গ্রেপ্তার হন গোপালগঞ্জ সদরের বাসিন্দা ও পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য হাসিবুর রহমান (৩৯)। একটি জেলার সরকারি দপ্তরে কর্মরত থেকে সুদূর কক্সবাজার-চট্টগ্রাম রুট ব্যবহার করে নিজস্ব গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের এই ঘটনা প্রমাণ করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুসংগঠিত সিন্ডিকেটের অংশ। আরও বিস্ময়কর হলো, গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পটুয়াখালী জেলা ডিএনসির সহকারী পরিচালকের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। দায়িত্বশীল কর্মকর্তাদের এমন রহস্যজনক নীরবতা ও অসহযোগিতা পুরো সংস্থার স্বচ্ছতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
কর্ণফুলীর এই ঘটনাই প্রথম নয়। এর ঠিক এক বছর আগে, ৮ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের পটিয়ায় র্যাবের তল্লাশিচৌকিতে ৬০ হাজার পিস ইয়াবা ও নগদ আড়াই লাখ টাকাসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছিলেন। সেই চক্রের মূল হোতা ছিলেন খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের (পটিয়ার মুজাফ্ফরাবাদ কার্যালয়) সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল্লাহ আল মামুন (৪১)। জাতীয় দৈনিক প্রথম আলো-তে (প্রকাশকাল: ১১ নভেম্বর ২০২৫) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকৃত প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও ছিল ওই ডিএনসি কর্মকর্তার নিজস্ব মালিকানাধীন।
অপরাধ বিশ্লেষক ও সচেতন মহলের মতে, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য কোনো বাহিনী—বিশেষ করে পুলিশ, র্যাব বা বিজিবির কোনো সদস্য মাদকসহ ধরা পড়লে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট বাহিনী দ্রুততম সময়ে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্ষেত্রে চিত্রটি ঠিক তার উল্টো।
ডিএনসির কর্মকর্তাদের মাদক কারবারে জড়িয়ে পড়ার ঘটনাগুলো হরহামেশাই ধামাচাপা পড়ে যায় বা প্রচারের আলোয় আসে না। সংস্থার ভেতরকার একটি প্রভাবশালী মহল নিজেদের ভাবমূর্তি রক্ষার অজুহাতে এসব অপরাধ আড়াল করার চেষ্টা করে। ফলে কর্ণফুলী বা পটিয়ার মতো ঘটনায় আসামিরা থানায় নিয়মিত মামলার মুখোমুখি হলেও, নিজ অধিদপ্তর থেকে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি, সম্পদের হিসাব তলব কিংবা নেপথ্যের গডফাদারদের খুঁজে বের করার কোনো উল্লেখযোগ্য উদ্যোগ চোখে পড়ে না।
মাদক নির্মূলের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করে যারা উল্টো মাদকের সাম্রাজ্য গড়ে তুলছে, তাদের এই অঘোষিত দায়মুক্তি বন্ধ না হলে দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
এআইএল/সকালবেলা