বাউফলে খণ্ডিত লাশ উদ্ধার মামলায় নারীসহ গ্রেপ্তার ২
জাহিদ শিকদার (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের খণ্ডিত লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল থানা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাউফল থানা-পুলিশ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার। হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে তিনি জানান, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। হত্যার আগে নিহত রুহুল আমিনকে সুকৌশলে শরবতের সঙ্গে ১০টি ঘুমের ওষুধ (ব্রোমাজিপাম) মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়েছিল।
এই ঘটনায় বিশেষ অভিযান পরিচালনা করে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পরপরই পুলিশ জোরালো তদন্তে নামে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের মৃত শাহজাহানের স্ত্রী সাহিদা বেগম (৪৮) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘেরের মাঝখানে স্থানীয় বাসিন্দারা মানুষের লাশের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের মূল খণ্ডিত অংশ এবং বিচ্ছিন্ন দুই পা উদ্ধার করে।
ঘটনার পরপরই বাউফল থানা-পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। শনাক্তকৃতরা হলেন—সাহিদা বেগম, আবুল বাশার হোসেন এবং মো. সোহেল (৩৬)। পলাতক সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি) এলাকার মৃত মো. মোস্তফা সিকদারের ছেলে।
পরবর্তীতে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর সন্দেহভাজন আসামি মো. সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার আরও জানান, উদ্ধারকৃত লাশের সব খণ্ডিত অংশ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা