জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

সংসদ প্রতিবেদক: জাতীয় সংসদের মূলতবি অধিবেশন পুনরায় শুরু হওয়ার আগে আজ রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৈঠকে চলমান অধিবেশনে বিরোধী দলের অবস্থান, সংসদীয় কৌশল এবং জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে নানা দিকনির্দেশনা দেওয়া হয়।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ বিরোধী জোটের অন্যান্য সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে। আজকের অধিবেশনে মূলত রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও এই আলোচনায় জোরালো ভূমিকা রাখবেন বলে জানা গেছে।

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা চলবে এবং এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া আজকের কর্মসূচিতে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

মন্তব্য করুন