গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ সেই শিক্ষিকার মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ সেই শিক্ষিকার মৃত্যু

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহেদা আহমেদ (৫০) নামে এক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ ) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত শাহেদা আহমেদ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন। তিনি গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শাহেদা আহমেদ শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত ২৫ মার্চ (বুধবার) রান্নাঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন।

আগুনে দগ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের প্রায় ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

একজন গুণী শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা এবং নিয়মিত লিকেজ পরীক্ষা না করার কারণেই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বাড়ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন