নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ মার্চ ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের 'রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিং'-এর অফিস সংলগ্ন একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলি উদ্দিনের ছেলে। তিনি কবিরহাটের স্থানীয় ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা অলি উদ্দিনের দাবি, গত শুক্রবার সকালে তাঁর ছেলে কাজে যাননি। ওইদিন বিকেলে সোহেলের মামা কামাল ও আলতাব তাঁকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। এরপর শুক্রবার সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় অন্য শ্রমিকরা পুলিশে খবর দেন। পরে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিখোঁজ সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহেল রানা মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।"

রহস্যজনক এই মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন