ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস

কুবি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ২৪ দিনের ছুটি কাটিয়ে আবারও চিরচেনা প্রাণচাঞ্চল্যে ফিরেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।

ছুটি শেষে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় সকাল থেকেই শহিদ আব্দুল কাইয়ুম চত্বর, শহিদ মিনার, কাঁঠালতলা, মুক্তমঞ্চ ও পিএ চত্বরসহ ক্যাম্পাসের প্রতিটি কোণে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কাঁধে ব্যাগ আর হাতে করে নিয়ে আসা বাড়ির উপহার নিয়ে হলে ফিরছেন শিক্ষার্থীরা। কারও মুখে ফেরার আনন্দ, আবার কারও চোখে প্রিয়জনদের ছেড়ে আসার বিষণ্ণতা—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমান সিফাত বলেন, "পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে মনটা প্রশান্তিতে ভরে আছে। বাড়ি ছেড়ে আসার কিছুটা কষ্ট থাকলেও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আবারও সেই চেনা ভালো লাগা ফিরে পেয়েছি। আনন্দ আর বেদনার এক মিশ্র অভিজ্ঞতা নিয়ে নতুন সেমিস্টার শুরু করছি।"

একই অনুভূতি ব্যক্ত করেন আইন বিভাগের শিক্ষার্থী আনিকা তাহসিন চিশতী। তিনি বলেন, "বাড়িতে কাটানো মুহূর্তগুলো ছিল এক টুকরো শান্তির মতো। এখন পরিচিত এই বিদ্যাপীঠে ফিরে নতুন উদ্যমে পড়াশোনা শুরুর এক দারুণ অনুভূতি কাজ করছে।"

শুধু আড্ডা আর গল্পেই সীমাবদ্ধ নেই শিক্ষার্থীরা; ছুটির রেশ কাটিয়ে অনেকেই সরাসরি অংশ নিচ্ছেন ক্লাস, ল্যাব ও পরীক্ষায়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ঝুপড়ি এবং আশপাশের টিউশনপাড়াগুলোতেও আগের ব্যস্ততা ফিরে এসেছে। অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন বিভাগের করিডোরগুলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে নিয়মিত পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। ক্যাম্পাস খোলার প্রথম দিনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সন্তোষজনক।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন