ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক কর্মচারীর বিরুদ্ধে প্রতিবেশীর ওপর হামলা ও দেশীয় অস্ত্র (দা) দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. ইসমাইল হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার সূত্রপাত বলে জানা গেছে। হামলায় ইসমাইল শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং পরে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আব্দুল কাদের হাতে দা নিয়ে ইসমাইলকে বারবার আক্রমণ করতে উদ্যত হচ্ছেন, যেখানে কয়েকজন নারী ও একজন বৃদ্ধ তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছেন।
ইসমাইল হোসেন জানান, "জমি নিয়ে বিরোধের জেরে কাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিল। আমি প্রতিবাদ করলে সে আমাকে মারধর শুরু করে এবং দা নিয়ে কোপাতে আসে। প্রতিবেশীরা না থাকলে আজ আমি প্রাণে বাঁচতাম না।" এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ইসমাইল চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগের বিষয়ে আব্দুল কাদের মুঠোফোনে জানান, "ইসমাইল আগে আমার ওপর হামলা করেছে, তাই রাগের মাথায় আমি দা হাতে নিয়েছিলাম।" নিজের দাবির সপক্ষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল প্রেসক্রিপশনও দেখিয়েছেন।
চান্দিনা থানার তদন্ত কর্মকর্তা এএসআই লক্ষণ দাশ জানান, "আমরা উভয় পক্ষের সঙ্গে কয়েকবার বসেছি। তবে বাদী (ইসমাইল হোসেন) সমঝোতায় রাজি নন এবং তিনি মামলা করতে চান। মামলা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
জানা গেছে, আব্দুল কাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয়। ২০২১ সালে তিনি তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে লড়েছিলেন। এছাড়া গত সংসদ নির্বাচনেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নৌকার পক্ষে প্রচার চালিয়েছিলেন। তবে ২০২৩ সালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কর্মচারী পরিষদ।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ