মোংলায় পাম্পে মিলছে না জ্বালানি তেল: সরবরাহ কম থাকার অভিযোগ

মোংলায় পাম্পে মিলছে না জ্বালানি তেল: সরবরাহ কম থাকার অভিযোগ

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আজ শনিবার থেকে সারাদেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেও মোংলার চিত্র ভিন্ন। মোংলার দিগরাজ বাজারে অবস্থিত একমাত্র জ্বালানি তেল সরবরাহকারী পাম্পটিতে আজও পেট্রল ও অকটেন না পেয়ে চরম বিপাকে পড়েছেন শত শত মোটরসাইকেল চালক।

শনিবার সন্ধ্যায় দিগরাজ বাজারের ওই পেট্রল পাম্পে গিয়ে দেখা যায়, দীর্ঘ সময় ধরে তেলের আশায় কয়েকশ মোটরবাইক চালক ভিড় করে আছেন। পাম্প কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে মজুত শেষ হয়ে যাওয়ায় আজ আর তেল দেওয়া সম্ভব নয়। তবুও বিকল্প কোনো উপায় না থাকায় অনেক চালক পাম্প চত্বরেই অপেক্ষা করছেন।

ভুক্তভোগী চালকরা জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা তেল পাচ্ছেন না। পাম্প থেকে বারবার জানানো হচ্ছে ডিপো থেকে তেল আসছে না।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা জানান, শনিবার দুপুরে অল্প কিছু তেল এসেছিল যা স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে লাইনে থাকা গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়েছে। তবে সেই পরিমাণ ছিল চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। সরবরাহ করা তেল মুহূর্তেই শেষ হয়ে যাওয়ায় উপস্থিত অধিকাংশ গ্রাহকই খালি হাতে ফিরেছেন।

পাম্প কর্তৃপক্ষ আরও অভিযোগ করেন, ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। তারা যে পরিমাণ তেলের অর্ডার দিচ্ছেন, তার সামান্য অংশ মাত্র সরবরাহ করা হচ্ছে। তাদের আশঙ্কা, আগামী সোমবারের আগে নতুন করে পেট্রল পাওয়ার সম্ভাবনা নেই, তবে অকটেন আসার সম্ভাবনা রয়েছে।

পেট্রল ও অকটেন নিয়ে সংকট থাকলেও পাম্পটিতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডিজেলচালিত যানবাহনের চালকেরা। তারা কোনো বিঘ্ন ছাড়াই ডিজেল সংগ্রহ করতে পারছেন।

মোংলা অঞ্চলের এই একমাত্র পাম্পটিতে জ্বালানি সংকটের কারণে স্থানীয় পরিবহন ব্যবস্থা ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন