শাহজালালে বিমানের টয়লেট প্যানেলে ৩৮ কোটির স্বর্ণ; ১৫৩ বার উদ্ধার

শাহজালালে বিমানের টয়লেট প্যানেলে ৩৮ কোটির স্বর্ণ; ১৫৩ বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ড থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই স্বর্ণের মোট ওজন ১৭.৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ২৮ মার্চ ২০২৬ তারিখ রাত ৯টা ০৮ মিনিটে দুবাই থেকে বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ C-02-এ অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিমানের কারিগরি দলের সহায়তায় কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে তল্লাশি চালানো হয়। সেখানে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম।

উদ্ধারকৃত ১৭.৭৮৪ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এভসেক কর্তৃপক্ষ।

মন্তব্য করুন