ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে আলামিন ও হাকিম নামের দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
আটক আলামিনের বাড়ি উপজেলার মহিসাখোলা গ্রামে এবং হাকিমের বাড়ি মিনারপাড়া এলাকায় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র ও অসহায় মানুষদের সরকারি টিসিবি সুবিধা বা ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। চক্রটি সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে এই অপকর্ম চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মনে সন্দেহ তৈরি হলে তারা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে প্রশাসন অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে হাতে-নাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু প্রমাণ ও নথিপত্র জব্দ করা হয়। প্রতারক চক্রের এই সদস্যদের আটকের খবরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উল্লাপাড়া উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে সরকারি যে কোনো কার্ড বা সুবিধার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে এবং প্রতারক চক্র থেকে সাবধান থাকতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ