ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নড়াইল প্রতিনিধি: নড়াইলে জ্বালানি তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাম্পের এক কর্মচারী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৯ মার্চ ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তানভীর ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজাতের সাথে ম্যানেজারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে পাম্প ত্যাগ করেন।
রাত ২টার দিকে ডিউটি শেষে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীতে যাচ্ছিলেন নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন থেকে ঘাতক ট্রাক নিয়ে এসে তাঁদের চাপা দেয় সুজাত। এতে ঘটনাস্থলেই পাম্প ম্যানেজার নাহিদ সরদার নিহত হন। গুরুতর আহত জিহাদ মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "তেল না দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ