ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস’ রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ) সকালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি স্মরণ করা হয়।
সকালে রংপুর মহানগরীর নিসবেতগঞ্জ ‘রক্তগৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, “১৯৭১ সালের ২৮ মার্চ রংপুরবাসী তীর-ধনুক ও লাঠিসোঁটা নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। এই অকুতোভয় সাহসিকতা আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণা জুগিয়েছিল।” তিনি আরও বলেন, শহীদদের দেখানো ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোত্তালেব, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি সম্মান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল রংপুরের আপামর জনতা। সাধারণ মানুষ দলবেঁধে ক্যান্টনমেন্ট ঘেরাও করলে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালায়, যাতে বহু মানুষ শহীদ হন। সেই থেকে স্থানীয়ভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়ে থাকে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ