দাখিল পরীক্ষা: প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

দাখিল পরীক্ষা: প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সিসিটিভিতে ধারণকৃত ভিডিও রেকর্ড প্রতি ৭ (সাত) দিন পর পর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (controller@bmeb.gov.bd) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (dcexam@bmeb.gov.bd) বরাবর পাঠাতে হবে। কেন্দ্র সচিবদের এই নির্দেশনা বাধ্যতামূলকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টিকে 'অতীব জরুরি' উল্লেখ করে বোর্ড জানিয়েছে, কেন্দ্র পরিদর্শন টিমের পক্ষ থেকেও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা অফিসার এবং মাদরাসা প্রধানদেরও অনুলিপি প্রদান করা হয়েছে।

বোর্ডের এই পদক্ষেপে দাখিল পরীক্ষায় স্বচ্ছতা ফিরবে এবং অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন