আপসহীন থাকার অঙ্গীকার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের

আপসহীন থাকার অঙ্গীকার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। 

গত ২৭ মার্চ বিকেলে তার নিজ গ্রাম গোপীনাথপুর হাই স্কুল মাঠে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফ রফিকুজ্জামান প্রথমেই তার রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এছাড়া ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবসে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “গ্রাম ও সমাজ রক্ষায় আমি সর্বদা আপসহীন থাকব। জেলা পরিষদের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, মুহিবুল ইসলাম রানা, জাকারিয়া ইসলাম বিরাজ, অ্যাডভোকেট সিদ্দিকুর জামান খাকি, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী মোল্লা, হরিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইলিয়াস এবং শুকতাইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রানা মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্রফেসর ওবাইদুল্লাহ বাকি, পল্লী বিদ্যুতের সাবেক চেয়ারম্যান শরীফ ফারুক আহম্মদ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী ও শেখ আজিজুর রহমানসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শরীফ রফিকুজ্জামানের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন