পারমাণবিক চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

পারমাণবিক চুক্তি না করলে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রাকিব খান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি চুক্তি করার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি হুমকি দিয়ে বলেন, ইরান আলোচনার টেবিলে না এলে দেশটির ওপর পরবর্তী হামলা আরও ভয়াবহ হতে পারে।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি আশা করেন ইরান দ্রুত আলোচনায় বসে ‘পারমাণবিক অস্ত্র নয়’—এমন একটি ন্যায্য ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাবে, যা সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে। তিনি বলেন, সময় খুবই সীমিত এবং প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ।

ট্রাম্প গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, পরবর্তী হামলা হবে তার চেয়েও ভয়াবহ এবং ইরান যেন আবারও এমন পরিস্থিতি তৈরি না করে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরান জানিয়েছে, ভয়াবহ কোনো হামলা হলে তারা নজিরবিহীন পাল্টা জবাব দেবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের আগের যুদ্ধনীতির সমালোচনা করে জানায়, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে আলোচনা সম্ভব হলেও চাপ ও হুমকির মুখে ইরান আত্মরক্ষা করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন বিশেষ দূতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি এবং হুমকির মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়।

দ্য গার্ডিয়ান থেকে অনুবাদকৃত

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন