ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টিন সংক্রান্ত হাজারো নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। নথিগুলো প্রকাশের পর ভুক্তভোগীরা অভিযোগ করেন, ত্রুটিপূর্ণ রেডাকশনের কারণে তাদের পরিচয় ফাঁস হয়ে গেছে। শুক্রবার প্রকাশিত এসব ফাইলে প্রায় ১০০ জন জীবিত ভুক্তভোগীর জীবন ‘উলটপালট’ হয়ে গেছে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, প্রকাশিত নথিতে ই–মেইল ঠিকানা, নগ্ন ছবি এবং এমন তথ্য ছিল, যার মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও মুখ শনাক্ত করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীরা এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘চরম নিন্দনীয়’ বলে উল্লেখ করে বলেন, তাদের ‘নাম প্রকাশ, তল্লাশি ও পুনরায় মানসিক আঘাত’ করা উচিত নয়।
বিচার বিভাগ জানিয়েছে, চিহ্নিত সব ফাইল তারা সরিয়ে নিয়েছে এবং এই ভুল ‘প্রযুক্তিগত বা মানবিক ত্রুটির’ কারণে হয়েছে। সোমবার একটি ফেডারেল আদালতে জমা দেওয়া চিঠিতে সংস্থাটি জানায়, রোববার সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী বা তাদের আইনজীবীরা যেসব নথি অপসারণের অনুরোধ করেছিলেন, সেগুলো আরও রেডাকশনের জন্য সরানো হয়েছে। একই সঙ্গে নতুন অনুরোধ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ নথিও খতিয়ে দেখা হচ্ছে।
কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদনে বাধ্যতামূলকভাবে নথি প্রকাশের সময় সরকারকে ভুক্তভোগীদের শনাক্ত করতে পারে—এমন সব তথ্য গোপন রাখার কথা ছিল। তবে শুক্রবার নিউইয়র্কের এক ফেডারেল আদালতে ভুক্তভোগীদের দুই আইনজীবী এই প্রকাশকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে ভুক্তভোগীদের গোপনীয়তার ‘সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন’ বলে আখ্যা দেন এবং তাৎক্ষণিক আদালত হস্তক্ষেপের দাবি জানান।
ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ আদালতে জমা দেওয়া চিঠিতে বলেন, প্রকাশিত তথ্য তাদের জীবনের জন্য ‘হুমকিস্বরূপ’ হয়ে উঠেছে। একজন জানান, তার ব্যক্তিগত ব্যাংকিং তথ্য প্রকাশের পর তিনি মৃত্যুর হুমকি পেয়েছেন।
বিচার বিভাগ দাবি করেছে, তারা লাখ লাখ পৃষ্ঠার নথিতে হাজারো ভুক্তভোগীর নাম গোপন করেছে এবং এখন পর্যন্ত মাত্র শূন্য দশমিক এক শতাংশ পৃষ্ঠায় এমন তথ্য রয়ে গেছে, যা থেকে কাউকে শনাক্ত করা সম্ভব।
গত বছর আইন অনুযায়ী এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ শুরু হয়। সর্বশেষ শুক্রবার তিন মিলিয়ন পৃষ্ঠা, এক লাখ আশি হাজার ছবি ও দুই হাজার ভিডিও প্রকাশ করা হয়, যা নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ পরে।
উল্লেখ্য, যৌন পাচারের অভিযোগে বিচারাধীন অবস্থায় ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে জেফরি এপস্টিনের মৃত্যু হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ