দাউদকান্দিতে হাঁস চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

দাউদকান্দিতে হাঁস চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আসাদুজ্জামান, দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাঈদ (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাঁও ভুঁইয়া বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিনের বেলা একই এলাকার রেজেক মিয়ার বাড়িতে কয়েকটি হাঁস চুরির ঘটনা ঘটে। এই চুরির জন্য সাঈদকে সন্দেহ করা হয়। এর জের ধরে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পক্ষ সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রেখে বেদম মারধর করে। একপর্যায়ে সাঈদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। নিহত সাঈদের পরিবারের অভিযোগ, সামান্য হাঁস চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন