দিনাজপুর-২: মোটরসাইকেল মার্কার কর্মীকে মারধরের অভিযোগ

দিনাজপুর-২: মোটরসাইকেল মার্কার কর্মীকে মারধরের অভিযোগ

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির ধানের শীষ মার্কার কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশিদ কালুর কর্মী সুমন শাহ (৪৩) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন বাজার সংলগ্ন এশিয়া ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন সুমন শাহ। এ সময় ধানের শীষ মার্কার প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের কর্মী শাহিন ও সোহাগসহ কয়েকজন সেখানে এসে তাকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে "কোন সাহসে এই এলাকায় ঢুকেছিস" বলে তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে জখম করা হয়।

খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশিদ কালু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং আহত সুমনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য শোনেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন